বিনামূল্যে মোবাইল জীবাণুমুক্তকরণ করছে হুয়াওয়ে

১৯ মার্চ, ২০২০ ১২:১৩  
বিনামূল্যে স্মার্টফোন জীবাণুমুক্ত করার বিশেষ সেবা চালু করলো হুয়াওয়ে। হুয়াওয়ে অনুমোদিত বাংলাদেশের সকল সার্ভিস সেন্টার থেকে বৃহস্পতিবার থেকে এই সেবা চালু করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে ১৮টি সার্ভিস সেন্টারে হুয়াওয়ের সব স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইল জীবাণুমুক্তকরণ সেবাটি বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বলা হয়েছে, ফোনকে ফাঙ্গাস ও ভাইরাস মুক্ত করতে জীবাণুমুক্ত বিশেষ একটি যন্ত্রের (ফোন ডিসইনফেকশন) অভ্যন্তরে স্মার্টফোন প্রবেশ করিয়ে নির্দিষ্ট সময় পর ফোনকে জীবাণুমুক্ত করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের ফলে বিশ্বব্যাপী প্রার্দুভাব চলছে। বিশেষজ্ঞরা নিজেদের নিরাপদে থাকার জন্য অনেক পরামর্শও দিচ্ছেন। তারা বলছেন, নিত্য প্রয়োজনীয় অন্য জিনিসপত্রের মতো মোবাইল ফোন ব্যবহারেও সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য মোবাইল ফোন জীবাণুমুক্ত ও পরিষ্কার রাখা প্রয়োজন। এরই প্রেক্ষিতে মোবাইল ফোন জীবাণুমুক্তকরণের বিশেষ এ সেবার উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে।